"মমতা ভোটে হেরেছে বলেই এখন কংগ্রেসে আসতে চাইছেন" - অধীর চৌধুরী
বুধবার দিল্লিতে ছিল নানা ঘটনার ঘনঘটা। তারমধ্যে অন্যতম বিষয় মমতা কংগ্রেসে মিশে যাচ্ছেন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সনিয়া গান্ধীর তরফে। অন্যদিকে অভিষেককে কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদের প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর, রাত পোহালেই আগামীকালই কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সমস্ত প্রদেশ সভাপতির নিয়ে একটি বৈঠক ডেকেছেন। কিন্তু গোটা বিষয়টি কীভাবে দেখছে প্রদেশ কংগ্রেস? কীভাবে দেখছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী?
একসময় অধীরের তৃণমূলের বিরোধিতা কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছিল দিল্লির কংগ্রেসে নেতাদেরও। নরমে-গরমে লেখা হচ্ছিল কতরকম সমীকরণ। মমতা বিরোধী মুখ হিসাবে রাজ্যে একেবারে শীর্ষ তালিকায় উঠে এসেছিলেন বহরমপুরের ৬ বারের সাংসদ। যদিও পরবর্তীতে অধীরের প্রদেশ কংগ্রেস সভাপতির জায়গায় চলে আসেন শুভঙ্কর সরকার। সেই অধীর এখন বলছেন, “আমার সঙ্গে তৃণমূলের তো কোনও ব্যক্তিগত বিরোধিতা নেই। আমার সঙ্গে তৃণমূল নেতা, নেত্রী, তৃণমূল পার্টির কোনও ব্যক্তিগত বিরোধিতা কোনওদিন ছিল না। তৃণমূল আমার পার্টিকে খতম করতে চেয়েছে, আমি আমার পার্টিকে রক্ষা করতে চেয়েছি। মোকাবিলা করার চেষ্টা করেছি। এটা আমার রাজনৈতিক ধর্ম বলে মনে করেছি।” এরপরই মমতাকে খানিক খোঁচা দিয়েই তাঁর আরও সংযোজন, “এখন কে কার কাছে আসছে যাচ্ছে সেটা তাঁরা জানে। তবে এটা তো সত্যি যে মমতা ভোটে হেরেছে বলেই আসছে। আগে তো কোনওদিন আসেনি। বাকি কোথায় মার্জার হচ্ছে, ডিমার্জার হচ্ছে আমি জানি না। আমার পার্টি যদি কোনও সিদ্ধান্ত নেয় সেটা সকলকে জানাবে।”