আজকের আবহাওয়া
'আজ বৃষ্টি হবে' - এমন খবর দিলো আবহাওয়া দপ্তর। সকাল থেকে প্রখর রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি। বিগত কয়েকদিন ধরে হাঁসফাঁস গরমে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)। এই আবহে স্বস্তির খবর! জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ৯টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে আজ ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজকের পর আগামীকালও দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই ভিজতে পারে কলকাতা, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর। তবে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রাতেও বড়সড় বদলের ইঙ্গিত নেই। জানা গিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড ও ওড়িশায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গেই উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলছে।
অন্যদিকে হাওয়া অফিস আগেই জানিয়েছিল, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। শুক্রবার অবধি জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের বহু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির দু-একটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।