আর কিছু সময়ের মধ্যেই শপথ নিতে চলেছেন ৩৫ জন মন্ত্রী
অবশেষে গঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা। ইতিমধ্যে ৫ জন শপথ নিয়েছেন। এবার দেখার আর কোন ৩৫ জন মন্ত্রী হচ্ছেন। সোমবার লোকভবনে গিয়ে শপথ নেবেন আরও ৩৫ জন মন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সোশাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন। রবিবার মুখ্যমন্ত্রী জানান, ‘আগামিকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভার সম্প্রসারণের উদ্দেশে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১টায় লোক ভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর এন রবি মহোদয় তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।’ উল্লেখ্য গত ৯ মে রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। তাঁর সঙ্গে আরও পাঁচ মন্ত্রীও শপথগ্রহণ করেন। সোমবার আরও ৩৫ মন্ত্রী শপথ নিলে রাজ্য মন্ত্রিসভার মোট মন্ত্রীর সংখ্যা দাঁড়াবে ৪১। নিয়ম অনুযায়ী বাংলায় মোট ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। সেটার প্রায় কাছাকাছি মন্ত্রী রাখছে বিজেপি।
