'আর জি করের বিচার হবেই' - মুখ্যমন্ত্রী কথা দিতেই কেঁদে ফেললেন অভয়ার মা
একটা ব্যাপার খুবই স্পষ্ট যে অভয়ার খুনের তদন্ত ঠিক মতো হয় নি। কোনো অজ্ঞাত কারণে আগের সরকার সেই তদন্ত বেশি দূর এগোতে দেয় নি। নতুন সরকার বদ্ধ পরিকর এবার তদন্ত সম্পূর্ণ করা হবে। ''আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari )। সেই কথা শোনার পরেই বিধানসভায় হাউহাউ করে কেঁদে ফেললেন অভয়ার মা। তৃণমূল কংগ্রেসের আমলে ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল। সেই ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। সঠিক তদন্তের দাবি বারবার জানিয়েছেন মৃত তরুণী চিকিৎসকের মা-বাবা। অভয়ার মা পানিহাটি বিধানসভায় বিজেপির প্রার্থী হয়ে ভোটে জেতেন। অভয়ার মা এই মুহূর্তে পানিহাটির বিধায়ক। বিজেপি সরকারে আসার পরই জানানো হয়েছিল, আর জি কর কাণ্ডের তদন্ত নতুন করে হবে। মেয়ের হত্যার বিচার হবে, সেই প্রত্যাশা রয়েছে অভয়ার মা-বাবার। বিধানসভায় আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণে আর জি কর, রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজের ঘটনা উঠে আসে। এইসব ঘটনায় জিরো টলারেন্স নিয়েছে রাজ্য সরকার।
এদিন শুভেন্দু বলেন, “আর জি করের বিচার হবে। অভয়ার বিচার দিতে, তিন আইপিএস সাসপেন্ড করেছি। সন্দীপ ঘোষদের তাড়িয়েছি। বাকি সব পরিষ্কার করব।” তিনি আরও বলেন, “তামান্নার মা বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি, ধুপগুড়ি জিরো টলারেন্স। এইচআরবিসি অফিসে হবে কমিশন।” এদিন বিধানসভার কক্ষেই নিজের আসনে বসেছিলেন অভয়ার মা। মুখ্যমন্ত্রীর মুখে মেয়ের কথা, আর জি কর (RG Kar Case) প্রসঙ্গ, বিচারের কথা শুনেই হাউহাউ করে ফেলেন তিনি। পাশে বসা বিধায়িকা তাঁকে শান্ত করেন। বাংলায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের নতুন করে আর জি কর ফাইলস খোলেন। এরপরেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে।
