শিল্পপ্রতিদের বাংলায় আমন্ত্রণ শুভেন্দুর
রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি আগেই জানিয়েছেন, কর্মসংস্থান বৃদ্ধির জন্য এবার যারা রাজ্যে নতুন শিল্প আনবেই। শিল্পপতিদের বিনিয়োগের জন্য ফের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘‘বাংলায় সমস্ত সম্পদ আছে। প্রস্তাব নিয়ে আসুন। এলাকা চিহ্নিত করে আসুন। কী কী সাহায্য চাই বলুন। এখানে বিনিয়োগ হোক।” শনিবার সন্ধ্যায় আলিপুর নাগরিক সমিতি আয়োজিত ‘অভিনন্দন সমারোহ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। ছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম ও তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ করেন শুভেন্দু। বলেন, ‘‘৩৪ বছরে কমিউনিস্ট ও ১৫ বছর তৃণমূলের রাজে নিচুতলায় প্রশাসনিক ব্যবস্থা, নীতি সব গড়বড় ছিল। ৩৪ বছরে শুধু পার্টি অফিস হয়েছে। শিল্প বন্ধ হয়েছে, আর ইনক্লাব-জিন্দাবাদ হয়েছে। তৃণমূলের আমলে ১৫ বছর তুষ্টিকরণ আর দুর্নীতি।’’
প্রাক্তনের সঙ্গে তাঁর পার্থক্য বুঝিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি বলেন, ‘‘আগের মুখ্যমন্ত্রী বলতেন আমি সব জানি। এখনকার মুখ্যমন্ত্রী বলেন আমি অনেক কিছুই জানি না। শোনার দরকার, বোঝার দরকার। এটাই আগের ও বর্তমান রাজ্য সরকারের পার্থক্য।’’ প্রায় দু’মাস হতে চলা বর্তমান সরকারের আমলে কী কী কাজ হয়েছে, তা বিস্তারিতভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। দেশের সুরক্ষায় সীমান্তে বিএসএফকে জমি দেওয়া থেকে শুরু করে, অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, সেনসাসের কাজ শুরু করা, গুন্ডাদমন বিল নিয়ে আসার কথা বলেন। ইউসিসিও হবে বলে এদিন সাফ জানিয়ে দেন শুভেন্দু। আবার বিজিবিএস নিয়ে আগের রাজ্য সরকারের মিথ্যাচার ও অনিয়মের বিষয়টিও এদিন তুলে ধরেন তিনি।
