শনিবার উত্তরবঙ্গে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু - চিকেনস নেক নিয়ে একাধিক পরিকল্পনা
আবার নতুন করে চিকেনস নেক নিয়ে নিরাপত্তার কথা ভাবছে সরকার। সেই নিয়েই আলোচনার জন্য শনিবার উত্তরবঙ্গে আসছেন স্বরাষ্ট্রেমন্ত্রী, যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী ১৮ জুলাই অর্থাৎ শনিবার শিলিগুড়ির উত্তরকন্যায় নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি বৈঠক রয়েছে। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দিতে পারেন খবর। জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা, সীমান্ত এলাকা উন্নয়ন এবং অনুপ্রবেশ রোধের মতো বিষয়গুলো বৈঠকের আলোচ্য বিষয় হতে চলেছে। সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকারকে দ্রুত জমি হস্তান্তর সংক্রান্ত বিষয়গুলোও বৈঠকে পর্যালোচনা করা হতে পারে। সীমান্ত সুরক্ষা সংক্রান্ত এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব, সীমান্তবর্তী জেলাগুলোর জেলাশাসক ও পুলিশ সুপারদের উপস্থিত থাকার কথা আছে।
প্রসঙ্গত তৃণমূল সরকারের গড়িমসিতে বিএসএফকে সীমান্ত বেড়া তৈরির জন্য জমি দেওয়া হয়নি। এমনই অভিযোগ ছিল তৎকালীন বিরোধী আসনে থাকা বিজেপির। এমনকী বঙ্গ সফরে এসে বারবার এই ইস্যুতে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে পালাবদলের পর সেই জট কেটেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে দ্রুত বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বিএসএফের হাতে কাঁটাতার দিতে পর্যাপ্ত জমিও তুলে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। গত মঙ্গলবার সমাজমাধ্যমে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্য সরকার প্রতিশ্রুতি মেনে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে ১০ জুলাই পর্যন্ত বিএসএফের হাতে ১০২৫.৭৫ একর জমি হস্তান্তর করেছে। ওই জমির মোট দৈর্ঘ ১৭২.৬০৯২২ কিলোমিটার। এর ফলে রাজ্যের সীমান্ত সুরক্ষা আরও সুদৃড় হবে।