" রিকশায় দাঁড়িয়ে হলেও একুশে জুলাই পালন হবে " - মমতা
এবার সামনেই শহীদ দিবস। দুই পক্ষই ২১ জুলাইয়ের তর্পন দিতে চাইছেন। কিন্তু রাস্তা আটকে আর মিটিং করা যাবে না - স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশ। তারপর? ৩০ অগস্ট পর্যন্ত মধ্য কলকাতায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাহলে কোথায় পালিত হবে শহিদ দিবস? এই নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, একুশে জুলাই পালন হবেই। দরকারে রিকশায় দাঁড়িয়েও শহিদ দিবস পালন হবে। শনিবার ফেসবুক লাইভে একুশে জুলাই নিয়ে মমতা বলেন, “একুশে জুলাই শহিদ স্মরণ হবে। পুলিশ অনুমতি দেয়নি। ভাবুন, তৃণমূলের অনুষ্ঠান বন্ধ করতে অগস্ট পর্যন্ত মধ্য কলকাতায় জমায়েত করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। কেন করছেন এসব? রিকশায় দাঁড়িয়ে হলেও একুশে জুলাই পালন হবে। আপনারা ট্রেনে, বাসে আসতে দেবেন না। আমি সব কারসাজি জানি। কিন্তু, হৃদয় যখন নাড়া দেয়, কোনও বাধাই বাধা হয় না। একুশে জুলাই হবে। কোনখানে হবে, সেটা পুলিশের কাছে অনুমতি পেলে জানিয়ে দেব।”
তৃণমূল কর্মীদের উদ্দেশে মমতা বলেন, “নিশ্চিন্তে থাকতে পারেন। চিন্তা করবেন না। আমরা আছি। ছিলাম। থাকব। যতদিন বাঁচব, মানুষের জন্য বাঁচব, কর্মীদের জন্য বাঁচব।”
গতকাল কলকাতার মেট্রোপলিটনে তৃণমূলের অফিসে তালা দেওয়া নিয়েও এদিন মুখ খোলেন মমতা। বলেন, “ওই অফিস ভাড়ায় নেওয়া ছিল। ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত আমাদের নেওয়া ছিল। কেউ কেউ বলছেন, আমার নামে। আমি সই করেছিলাম। তাঁকে বলি, ব্যক্তিগতভাবে সই করেননি। পার্টি অনুমোদন করেছিল বলে সই করেছিলেন। এটা প্রতিষ্ঠানগত সম্পত্তি। ব্যক্তিগত সম্পত্তি নয়। আর প্রতি মাসে ভাড়ার টাকা দেওয়া হয়েছে। রীতিমতো চেকে এক লক্ষ টাকা ভাড়া দিই। বিদ্যুতের বিল দিই আমরা। এই পরিস্থিতিতে বিষয়টা কোন দিকে যাচ্ছে, সবার নজর সেই দিকে।
