সেন্সর বোর্ডে আটকে সলমনের ‘মাতৃভূমি’, নেপথ্যে চিন?
বলিউড সুপারস্টার সলমন খানের আগামী ছবি ‘মাতৃভূমি’ (Maatrubhumi) নিয়ে জট যেন কিছুতেই কাটছে না। একের পর এক ধাক্কায় ছবিটির ভবিষ্যৎ এখন বড়সড় প্রশ্নের মুখে। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC) বা ভারতের সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র (Clearance Certificate) সাময়িকভাবে স্থগিত রেখেছে। তবে এই শংসাপত্র সংক্রান্ত জটিলতা নিয়ে ছবির নির্মাতা বা প্রযোজকদের পক্ষ থেকে এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। উল্লেখ্য, এই ছবিটির আদি নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’ (Battle of Galwan)। চলতি বছরের এপ্রিল মাসেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে সেই সময় ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়।
এরপর ছবিটির নাম পরিবর্তন, বেশ কিছু দৃশ্যের পুনর্নির্মাণ (Reshoot) এবং এবার সেন্সর বোর্ডের ছাড়পত্র আটকে যাওয়ার খবর সামনে আসায় ছবিটি ঘিরে ধোঁয়াশা আরও বাড়ল। নির্মাতারা এখনও নতুন কোনও মুক্তির তারিখ ঘোষণা করেননি। সূত্রের খবর অনুযায়ী, সিবিএফসি ‘মাতৃভূমি’র সার্টিফিকেশন আপাতত হোল্ড বা স্থগিত করে রেখেছে। যদিও এই বিষয়ে টিম সলমন সম্পূর্ণ নীরব। তবে বলিপাড়ার ভেতরের খবর, ছবিটির নাম বদল এবং বেশ কিছু অংশ নতুন করে শুটিং করার পেছনে একটি বড় কারণ ছিল। গুঞ্জন উঠেছিল, ছবিতে ‘চীন’ (China) শব্দটি ব্যবহার না করার জন্য নির্মাতাদের ওপর এক প্রকার নির্দেশ ছিল। যদিও এই খবরেরও কোনও অফিশিয়াল সিলমোহর মেলেনি।পূর্বে শোনা গিয়েছিল, এপ্রিলের পর আগামী আগস্ট মাসে স্বাধীনতা দিবসের সপ্তাহে ছবিটি বড় পর্দায় আসতে পারে। কিন্তু নতুন করে সেন্সর জটে পড়ায় আগস্টে মুক্তি আদেও সম্ভব কি না, তা নিয়ে খোদ সলমন-ভক্তরাই সংশয়ে রয়েছেন।
