কলকাতা বিজেপি দপ্তরে খুলছে শ্যামাপ্রসাদের মিউজিয়াম
সদ্য চলে গেলো শ্যামা প্রশাদের ১২৫ তম জন্মবার্ষিকী। সারা বাংলা জুড়ে খুবই ঘটা করে পালন করা হয় ওই দিনকে। এবার নতুন সিদ্ধান্ত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সৃষ্টি-রাষ্ট্রপ্রেম-অখণ্ড ভারতের ভাবনা, আইনসভার বক্তৃতা এবং সর্বোপরি স্বাধীনত্তোর ভারতে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার প্রসারে তাঁর অবদান। এসব বিজেপির নতুন প্রজন্মের পার্টি কর্মীদের কাছে তো বটেই, আমজনতার কাছেও তুলে ধরা দরকার। আর উত্তর কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির যে পুরনো রাজ্য দপ্তর, রাজনৈতিক ইতিহাসের সাক্ষী এই বাড়ি যেখানে ছিলেন শ্যামাপ্রসাদও। সেই বাড়িতেই এবার শ্যামাপ্রসাদকে নিয়ে একটি মিউজিয়াম তৈরি করা হবে বিজেপি পার্টির তরফে। যেখানে থাকবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যবহৃত জিনিসপত্র।
মুরলীধর সেন লেনের পদ্ম শিবিরের এই পার্টি অফিসটি বঙ্গ বিজেপির অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক রাজনৈতিক ঘাঁটি। ১৯৪৬ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাড়িটি ভাড়া নিয়ে তাঁর রাজনৈতিক কাজকর্ম শুরু করেন। পরবর্তীকালে ১৯৫১ সালে ভারতীয় জনসঙ্ঘ গঠিত হলে, এই ঠিকানায় তাদের কলকাতা অফিস তৈরি হয়। ১৯৮০ সালে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই কার্যালয়টি জনসংঘ ও বিজেপির যৌথ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতে থাকে। অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই বাড়িতে এসেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাড়িতে বসেই নানান কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে গিয়েছেন। জীবনের অনেকটা সময় এই ঐতিহাসিক বাড়িতে কাটিয়েছেন তিনি।