বাংলার নাম 'পশ্চিমবঙ্গ' করার পক্ষে জোরালো সওয়াল করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য
মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ১৫ বছর ধরেই চেষ্টা করে করেছেন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের জন্য। কিন্তু হয় নি। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বদলে যে ‘বাংলা’ করা হবে না, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সংসদে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যও একই কথার পুনরাবৃত্তি করলেন। শমীক সাফ বলে দিলেন, আগের সরকার সংখ্যার জেরে ‘বাংলা’ নামের প্রস্তাব পাশ করেছিল। বিজেপি তখনও বিরোধিতা করেছে। এখনও করছে। বুধবার সংসদে কেরলের নাম বদল সংক্রান্ত বিল নিয়ে আলোচনা হচ্ছিল। কেরলের নাম বদলে কেরলম করার প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেটা নিয়েই একটি বিল আনা হয়েছে।
সেই বিল নিয়ে বলতে গিয়ে তৃণমূলের ডেরেক ও ব্রায়েন আক্ষেপের সুরে বলেন, “আমরা ৭-৮ বছর ধরে রাজ্যের নাম বাংলা করার দাবি জানাচ্ছি। কিন্তু আমাদের কথা শোনা হয়নি। আমরা কেরলের জন্য খুশি। কিন্তু কেন বাংলার দাবি মানা হল না সেটা বুঝতে পারছি না।” ওই বিল নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়েই শমীক ভট্টাচার্য ১৯৪৭ সালের ২০ জুন ঐতিহাসিক ভোটাভুটির ইতিহাস টেনে পশ্চিমবঙ্গ নামের গুরুত্ব বোঝান। তিনি প্রস্তাব দেন, রাজ্যের নাম বাংলা নয়, আবার ইংরাজির ওয়েস্ট বেঙ্গলও নয়। বরং সব ভাষাতেই পশ্চিমবঙ্গ রাখা হোক।