এবার কি বালোচিস্তান পাকিস্তানের হাতছাড়া হচ্ছে?
পাকিস্তান এখন গভীর সংকটে। একদিকে PoK পাকিস্তানের হাতছাড়ার উপক্রম। অন্যদিকে বালোচিস্তান একরকম হাতছাড়া হয়েই গেছে। তারমধ্যে আছে আভ্যন্তরিন বিদ্রোহ। সৌদি, তুরস্কের সঙ্গে ন্যাটোর মতো প্রতিরক্ষা চুক্তি, ইরান যুদ্ধে মধ্যস্থতা, ট্রাম্পে সঙ্গে দহররম মহরম, সব মিলিয়ে পাকিস্তানের বিদেশ নীতি এই মুহূর্তে বেশ ভালো বলেই ধরা হয়। তবে বিদেশ নীতি নজর কাড়লেও, ভিতর থেকে ক্ষতবিক্ষত জিন্নার লঙ্কা। রিপোর্ট বলছে, বর্তমানে চারটি ফ্রন্টে আগুন জ্বলছে পাকিস্তানের। আগুনের শিখা এতটাই লেলিহান আকার নিয়েছে যে তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে শাহবাজ শরিফ, আসিম মুনিরদের। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বালোচিস্তানের ৮৫ শতাংশ এলাকার ওপর নিজেদের নিয়ন্ত্রণ দাবি করছে বিএলএ (BLA) ও টিটিপি (TTP), খাইবার পাখতুনখোয়ায় চলছে উপজাতীয় বিদ্রোহ এবং পাক অধিকৃত কাশ্মীর ‘পিওকে’ (PoK)-তে চলছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি স্বীকার করেছেন যে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। জোর গুঞ্জন চলছে, অস্থিরতার সুযোগ নিয়ে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ক্ষমতা দখলের প্রস্তুতি নিচ্ছেন।
পাকিস্তানের মোট চারটি প্রদেশের মধ্যে সবচেয়ে বড় প্রদেশ বালোচিস্তান (Balochistan)। গোটা দেশের ৪৪ শতাংশ অংশ এই প্রদেশের মধ্যে পড়ে। ১৯৪৮ সালে পাকিস্তানের অংশ হয় বালোচিস্তান। এর ঠিক পর বালোচ নেতা মীর করিম খান বিদ্রোহ শুরু করেন। সেখান থেকেই অশান্তির আগুনে জ্বলছে এই অঞ্চল ১৯৫৮-৫৯, ১৯৬৩-৬৯, ১৯৭৩-৭৭ দফায় দফায় অস্ত্র হাতে তুলেছে বালোচ। তবে ২০০০ সালে ‘বালোচ লিবারেশন আর্মি’ গঠনের পর ২০০৫ থেকে বিদ্রোহ চরম আকার নিয়েছে। যা সামলাতে হিমশিম খেতে হচ্ছে পাক সেনাকে। গেরিলা যুদ্ধে অত্যন্ত দক্ষ বিএলএ। পাকসেনা, ট্রেন এবং জনবহুল স্থানে আত্মঘাতী হামলা এদের প্রধান অস্ত্র। সংগঠনের দাবি ২০২৫ সালে তারা ৫২১ টির বেশি হামলা করেছে। যেখানে ১০৬০ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। বর্তমানে কট্টরপন্থী সংগঠন টিটিপিও এদের সঙ্গে যুক্ত হয়েছে। রিপোর্ট বলছে জানুয়ারি থেকে জুলাই ২০২৬ পর্যন্ত বালোচিস্তানে ৭৬৫টির বেশি হিংসাত্মক হামলা ঘটনা ঘটেছে। যেখানে ১৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বালোচদের রয়েছে নিজস্ব সেনা, নৌসেনা, বায়ুসেনা ও পুলিশ বাহিনী। যেখানে নিযুক্ত ৫ লক্ষের বেশি যোদ্ধা। বালোচিস্তান ইতিমধ্যেই ১১ আগস্ট দিনটিকে নিজেদের স্বাধীনতা দিবস হিসেবে গণ্য করেছে।