নির্বাচন কমিশন আজই জানিয়ে দেবে 'জোড়াফুল' কার?
অনেক তর্ক-বিতর্কের পরে সম্ভবত আজ জানা যাবে জোড়াফুলের মালিক কে - মমতা না ঋতব্রত। আজ নির্বাচন কমিশনের দপ্তরে সম্মুখসমরে তৃণমূলের দুই শিবির। দলের নাম ও প্রতীক, দুইয়েরই মালিকানা নিয়ে কমিশনের দরবারে আজ মুখোমুখি লড়াই। তৃণমূলের আসল মালিকানা সংক্রান্ত মামলায় কমিশনের শুনানি আজ। দুই পক্ষকে পাঠানো কমিশনের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, তারা নিজেরা হাজির হতে পারে অথবা আইনি প্রতিনিধি পাঠাতে পারে। তবে দলের নেতারা সদলবলে হাজির হতে পারবেন, নাকি শুনানিতে উপস্থিত থাকার অনুমতি মিলবে শুধু আইনজীবীদেরই, তা এখনও স্পষ্ট নয়। আজ বিকেল চারটে নাগাদ শুনানি শুরু হবে। শুনানির শুরুতে, দাবির সপক্ষে প্রথম বক্তব্য পেশ করবে, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান জানিয়েছেন, আপাতত আমাদের আইনজীবী নির্বাচন কমিশনে আমাদের হয়ে শুনানি করবেন।
নির্বাচন কমিশন এই প্রতীকের ক্ষেত্রে যে যে নথি চেয়েছে, যে যে তথ্য জমা দেওয়া দরকার, আমরা সমস্ত নথি, তথ্য এবং হলফনামা যে পরিমাণ জমা দিয়েছি। মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “কিছু লোক দলের টিকিটে জিতে গিয়ে নিজেদের আসল দল বলে দাবি করবে, এটা হতে পারে না।” গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কমিশনকে তিন মাসের মধ্যে ঘাসফুল প্রতীকের মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বের নিষ্পত্তি করতে হবে। চার সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের দুই শিবিরের সদস্যদের হলফনামা ও অতিরিক্ত নথি নির্বাচন কমিশনে জমা দিতে নির্দেশ দেওয়া হয়। তার আগে সাংগঠনিক স্তরে কার কত সমর্থন আছে, তা হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছিল কমিশনকে।
